সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচনে সিলেট থেকেই নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ঐতিহ্য বজায় রেখে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচার শুরু করবেন।
তফসিল অনুযায়ী— ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হবে। ওইদিন সকালেই তিনি সিলেট শহরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিম নগরে হযরত শাহপরাণের (রহ.) মাজারে পা রাখবেন। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক সূচনা হবে।