দীর্ঘ ভ্রমণে কী খাবেন, কী খাবেন না

সামনে শীত আসছে। এ সময় আমরা অনেকেই হয়তো সেন্টমার্টিন, রাঙামাটি, বান্দরবান, সিলেট, পঞ্চগড় কিংবা খুলনার মতো দূরবর্তী পর্যটন এলাকায় ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই প্রথমেই চিন্তা আসে দীর্ঘ ভ্রমণের কথা। দীর্ঘ ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, আনন্দ, অভিজ্ঞতা আর ব্যস্ততার এক অন্য রকম সমন্বয়। কিন্তু ভ্রমণের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যেতে পারে যদি যাত্রাপথে পেটের সমস্যা, বমিভাব, অ্যাসিডিটি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা পানিশূন্যতা দেখা দেয়। বিশেষ করে বাস, ট্রেন, লঞ্চ কিংবা বিমানে দীর্ঘ সময় ভ্রমণ করলে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন, কখন খাবার খাচ্ছেন এবং কোন ধরনের পানি পান করছেন—এসব বিষয় আপনার শরীরের ওপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এখন প্রশ্ন হলো, দীর্ঘ ভ্রমণে কোন খাবারগুলো শরীরের জন্য উপকারী, কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। চলুন বিস্তারিত জেনে নেওয়া  যাক।

ভ্রমণে যেসব খাবার খাওয়া উচিত সেগুলোর মধ্যে রয়েছে—

কলা, আপেল, কমলা ও মাল্টার মতো ফল ভ্রমণের জন্য ভালো বিকল্প। এগুলোতে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন, খনিজ, ফাইটোকেমিক্যাল ও খাদ্যআঁশ (ফাইবার) থাকে। বিশেষত খাদ্যআঁশ আমাদের অন্ত্রের (ইন্টেস্টাইন) স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং পানিশূন্যতাজনিত কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। তবে ফল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সম্ভব হলে নিজে খোসা ছাড়িয়ে খেতে হবে।

বিভিন্ন ধরনের কাঠবাদাম, চিনাবাদাম, কাজুবাদাম ও ভাজা ছোলা‌ খাওয়া যেতে পারে, কারণ ছোট্ট একটি কৌটাতে এগুলো বহন করা সম্ভব। এগুলোতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট (এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড), ফাইবার ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। অল্প পরিমাণে খেলে দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। তবে এ ক্ষেত্রে তিনটি বিষয় অবশ্যই মেনে চলা উচিত। যাদের বাদাম খেলে এলার্জিজনিত সমস্যা হয়, তারা অবশ্যই এটি খাওয়া থেকে বিরত থাকবেন, ছোট শিশুদের বাদাম খেতে দেওয়া উচিত নয়, কারণ এটি তাদের গলায় আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যেতে পারে এবং অতিরিক্ত লবণযুক্ত বা মসলা মেশানো বাদাম এড়িয়ে চলা ভালো।

পরিমিত পরিমাণে হোলগ্রেইন ব্রেডের সঙ্গে ভালোভাবে রান্না করা ডিম বা অন্যান্য নিরাপদ প্রোটিনের উৎস রাখা যেতে পারে। এতে শর্করা, আমিষ, স্নেহ ও খাদ্য আঁশের সমন্বয় পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে ডিম বা মাংসযুক্ত স্যান্ডউইচ দীর্ঘ সময় সাধারণ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। এ জন্য তৈরির সময়ই এ বিষয়টি মাথায় রেখে তৈরি করতে হবে।

দীর্ঘ ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা। শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানিশূন্যতা প্রতিরোধ, রক্তসঞ্চালন, পুষ্টি পরিবহন এবং শরীরের অপ্রয়োজনীয় বর্জ্য নিষ্কাশনে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সঙ্গে দীর্ঘ ভ্রমণে নিরাপদ পানির বোতল রাখা উচিত। তবে বোতলজাত মিনারেল ওয়াটার পান করাই উত্তম এবং কোনো হোটেল বা রাস্তার পাশের উৎস থেকে কোনোক্রমেই পানি পান করা উচিত নয় ‌

দীর্ঘ যাত্রার আগে ভাত বা রুটি, সবজি এবং ভালোভাবে রান্না করা মাছ, মুরগি কিংবা ডিম দিয়ে একটি পরিমিত খাবার খাওয়া যেতে পারে। এতে শরীর প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পায়। তবে খাবারটি অতিরিক্ত তেল-চর্বিযুক্ত হওয়া উচিত নয়।

কিছু মানুষের ক্ষেত্রে আদা বমিভাব কমাতে সহায়ক হতে পারে। আদা চা, আদার বিস্কুট কিংবা অল্প পরিমাণে আদা চিবানো  যেতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, মোশন সিকনেস প্রতিরোধে আদার কার্যকারিতা সবার ক্ষেত্রে সমান নয়।

দীর্ঘ ভ্রমণে যেসব খাবার এড়িয়ে চলা উচিত, সেগুলোর মধ্যে রয়েছে—

বিশেষ করে রাস্তার পাশে টং দোকানের পুরি, পরোটা, শিঙাড়া, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার অনেকের ক্ষেত্রে পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়া ধীর করতে পারে। ফলে পেট ভারী লাগা, বমিভাব ও অস্বস্তি বাড়তে পারে।

ভ্রমণে থাকা অবস্থায় অতিরিক্ত মরিচ ও মসলাযুক্ত খাবার সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে বুকজ্বালা, অ্যাসিড রিফ্লাক্স বা পেটের অস্বস্তি বাড়াতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত।

রাস্তার পাশে খোলা পরিবেশে রাখা খাবারে মাছি, ধুলাবালি, অপরিষ্কার হাত ও দূষিত পানির মাধ্যমে রোগজীবাণু প্রবেশ করতে পারে। তাই এগুলো খাওয়ার ফলে ফুড পয়জনিং ও পেটের পীড়া হতে পারে। আগে থেকে কেটে রাখা ফল, সালাদ ও খোলা জুসের ক্ষেত্রে এ ঝুঁকি আরো বেশি।

পাস্তুরিত বা ইউএইচটি নয় এমন দুধ, দীর্ঘ সময় ফ্রিজের বাইরে রাখা দই, দুধ ও ক্রিমজাত খাবারে ক্ষতিকর অণুজীব (প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম ) বংশবিস্তার করতে পারে। তাই সঠিক তাপমাত্রায় সংরক্ষিত পাস্তুরিত বা ইউএইচটি (আলট্রা হাই টেম্পারেচার) দুগ্ধজাত খাবার বেছে নেওয়া উচিত।

ঘুরতে গেলে আমরা অনেকেই অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় পান করতে অত্যন্ত পছন্দ করি‌ ‌। অনেকেই ভেবে থাকেন এই পানীয় শরীরের পানির চাহিদা পূরণের জন্য যথেষ্ট কিন্তু এটি ভুল ধারণা। কারণ কোমল পানীয় সাধারণ পানির বিকল্প নয়। কার্বনেটেড পানীয় কিছু মানুষের পেট ফাঁপা ও ঢেকুর বাড়াতে পারে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে অস্থিরতা, বুক ধড়ফড় বা ঘুমের ব্যাঘাত হতে পারে।

দীর্ঘ ভ্রমণে সুস্থ থাকার জন্য দামি খাবার কিংবা বিশেষ কোনো ডায়েটের প্রয়োজন নেই। প্রয়োজন হলো সঠিক খাদ্য নির্বাচন, নিরাপদ পানি পান, খাবারের স্বাস্থ্যসম্মত সংরক্ষণ এবং নিজের শারীরিক চাহিদা সম্পর্কে সচেতনতা।

মনে রাখতে হবে, ভ্রমণের সময় ক্ষুধা মেটানোই খাবারের একমাত্র উদ্দেশ্য নয়; বরং শরীরকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি সরবরাহ করা এবং খাদ্যবাহিত অসুস্থতা থেকে নিজেকে সুরক্ষিত রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই পরবর্তী ভ্রমণে সঙ্গে রাখুন নিরাপদ পানি, কিছু স্বাস্থ্যকর শুকনো খাবার ও ফল। এড়িয়ে চলুন অপরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত খাবার, অনিরাপদ পানি এবং অতিরিক্ত ভারী খাবার।

সচেতন খাদ্যাভ্যাসই পারে আপনার দীর্ঘ ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও আনন্দময় করে তুলতে।

 

Comments are closed.

     More News Of This Category