আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন। তাই দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সকালে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই। তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে। আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে এ কথা জানিয়ে তিনি বলেন, দেশে যেন আর কোন দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড , চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা।
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলবসহ বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।