বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

২০ বছর পর জনসভায় ‘অনেরা ক্যান্ আছন্’ দিয়ে শুরু

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান। রোববার দুপুরে সমাবেশস্থলে প্রবেশ করে শুরুতে তিনি নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন।

বক্তৃতার শুরুতে তারেক রহমান বলেন, আজ সবাই একত্র হয়েছেন একটি লক্ষ্য সামনে রেখে, অর্থাৎ একটি পরিবর্তনের লক্ষ্য নিয়ে। তিনি বলেন, এটাই সেই চট্টগ্রাম, সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যেখানে তিনি শহীদ হয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’

বিএনপির চেয়ারম্যান বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা খাল কাটতে চাই। আপনারা কী আমাদের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে যোগ দিতে চান?।

তারেক রহমানের আগমনকে ঘিরে ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন নেতা–কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে লোকজন সমাবেশে যোগ দেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল মাঠে ঢুকতে থাকে। সকাল ১০টার মধ্যে পুরো পলোগ্রাউন্ড কানায় কানায় ভরে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মাঠে জড়ো হন চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতা–কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। মঞ্চের প্রথম সারিতে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য উদয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ নোমান, মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান, চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ান, কক্সবাজার-৪ আসনের প্রার্থী মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঞ্চে আরও ছিলেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটির মেয়র শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এম ফজলুল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, খাগড়াছড়ির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, কক্সবাজারের প্রার্থী লুৎফুর রহমান কাজল, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ম্যামাসিং, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক জেরি প্রো চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক বেগম নুরে আরা সাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ, চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মোস্তফা কামাল ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান।

মঞ্চের দ্বিতীয় সারিতে ছিলেন চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও চট্টগ্রাম-১ আসনের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।


এ বিভাগের আরো সংবাদ