বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আলোচনায় ‘মালিক’ সিনেমার গান

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

পরিচালক সাইফ চন্দন নির্মিত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘মালিক’। এটি ঈদুল আজহা উপলক্ষে সিনেমা বাজারে অন্যতম আকর্ষণ।

এ সিনেমায় রুপালি পর্দায় জুটি বেঁধেছেন জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ঈদের আগে প্রকাশিত ট্রেলারে দুজনের ভরপুর অ্যাকশন মেজাজ এবং ভিন্নধর্মী লুক দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। সিনেমাটির গানেও দেখা যাচ্ছে বিশেষ আকর্ষণ।সিনেমার গল্পের পাশাপাশি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘মালিক’ সিনেমার দুটি গান। এর মধ্যে একটি হলো সিনেমাটির মিষ্টি রোমান্টিক ট্র্যাক ‘তোমায় দিলাম কথা’। গানটির কথা নিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতে অদিত রহমান। কণ্ঠ দিয়েছেন শিল্পী দিলশাদ নাহার কনা ও পারভেজ খান। গানটি এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সিনেমার মূল অ্যাকশন ও গ্যাংস্টার ঘরানার চাদর ভেঙে গানটিতে এক পশলা বসন্তের মতো ধরা দিয়েছে শুভ ও মিমের অনবদ্য রসায়ন। মিউজিক ভিডিওজুড়ে দুজনের মিষ্টি রোমান্স, খুনসুটি আর চোখের ভাষার অভিব্যক্তি দর্শকদের মন ছুঁয়ে গেছে। বিশেষ করে মারকুটে ‘অ্যাকশন হিরো’র খোলস থেকে বেরিয়ে শুভর এমন প্রেমিকসুলভ উপস্থিতি এবং মিমের গ্ল্যামার গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

আরিফিন শুভর ফেসবুক পেজে এক দর্শক গানটি সম্পর্কে লিখেছেন, ‘গানটা যেমন অসাধারণ লাগছে, কোরিওগ্রাফিটাও তেমন দারুণ। সচরাচর গানের মতো লাগেনি। গানটি একটু ভিন্ন রকম, খুব ভালো লেগেছে।আরেকজন লিখেছেন, ‘সারা দিন পর ফেসবুকে এসেই গানটা সামনে এল। পুরোটা মন দিয়ে দেখলাম, দারুণ সুন্দর। এজন্য পরপর তিনবার দেখলাম। অনেকেই দেখলাম লিখেছে পুরুষ ভয়েসটা নাকি ভালো না। কিন্তু আমার কাছে পারভেজ খানের ভয়েসটা অসাধারণ লেগেছে।’

সবচেয়ে বেশি হইচই ফেলেছে সিনেমাটির উৎসবমুখর ড্যান্স নাম্বার গান ‘গুলগুলি পিঠা’। মিলা ইসলাম ও প্রতীক হাসানের গাওয়া গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীতে অদিত রহমান। গানটির চটুল সুর, ধামাকা বিট ও শুভ-মিমের জমকালো কোরিওগ্রাফি পুরো ঈদের আমেজকে দ্বিগুণ করে দিয়েছে। প্রেক্ষাগৃহে এ গানটি চলাকালীন দর্শকরা মেতে উঠছেন উল্লাসে।

‘গুলগুলি পিঠা’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। গানটি নিয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘স্ক্রিনে আগুন লাগাবে এ গান! শুভ আর মিমের এনার্জি লেভেল জাস্ট ওয়াও!’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘অনেকদিন পর ঢাকাই সিনেমায় এত সুন্দর ও এনার্জেটিক একটা ড্যান্স নাম্বার দেখলাম।’ মিমের গ্ল্যামারাস লুক ও শুভর নাচের এক্সপ্রেশন নিয়ে ইতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। ভক্তদের মতে, ‘সাপলুডু’র পর এ জুটির প্রত্যাবর্তন একদম পারফেক্ট হয়েছে।

ঈদের উৎসবের আবহে দর্শকদের বিনোদনের রসদ নিয়ে হাজির হয়েছে ‘মালিক’। একদিকে ‘তোমায় দিলাম কথা’র রোমান্টিক মেলোডি যেমন দর্শকদের হৃদয় ছুঁয়েছে, অন্যদিকে ‘গুলগুলি পিঠা’র মতো ধামাকা ড্যান্স নাম্বার গান দর্শকদের হলমুখী করতে বড় ভূমিকা রাখছে। ‘সাপলুডু’র দীর্ঘ বিরতির পর অ্যাকশন, রোমান্স আর আন্ডারওয়ার্ল্ডের চাদরে মোড়ানো গল্পে শুভ-মিম জুটির এ চেনা রসায়নের দারুণ প্রত্যাবর্তন প্রেক্ষাগৃহে দর্শকদের করতালিতেই মূর্ত হয়ে উঠছে। উৎসবের মৌসুমে দর্শকদের প্রত্যাশা পূরণে ‘মালিক’ হতে পারে সফল বাণিজ্যিক সিনেমা—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এ বিভাগের আরো সংবাদ