দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিবুল ইসলাম। তার এই অর্জনে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
জানা গেছে, ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে একসময় চাকরি হারাতে হয়েছিল তাকে। কিন্তু সেই প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং রাজপথের আন্দোলন-সংগ্রামে আরও দৃঢ়ভাবে নিজেকে সম্পৃক্ত রাখেন তিনি। বিভিন্ন মিছিল, সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
দলীয় সূত্র জানায়, সংগঠনের দুঃসময়ে দীর্ঘদিন সক্রিয় থাকা, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে।
নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “দলের এই আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। অতীতের মতো ভবিষ্যতেও দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব।”
এদিকে, তার এই পদপ্রাপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।