বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শাকিবের ‘জয়ধ্বনি’তে ভক্তদের মাঝে উন্মাদনার ঝড়

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কোনো সিনেমার আইটেম সং নয়, নয় কোনো বিজ্ঞাপনের প্রোমো; স্রেফ একটি মিউজিক ভিডিও দিয়ে গোটা দুই বাংলাকে চমকে দিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় প্রকাশিত ‘জয়ধ্বনি’ গানটি এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।মুক্তির মাত্র ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্ল্যাটফর্ম মিলিয়ে গানটি প্রায় এক কোটি (১০ মিলিয়ন) দর্শক দেখে ফেলেছেন, যা দেশের মিউজিক ভিডিওর ইতিহাসে এক অভাবনীয় রেকর্ড।

বেশ কিছুদিন ধরেই শাকিব খানের একটি নাচের ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্য দানা বাঁধছিল। ভক্তদের ধারণা ছিল এটি হয়তো বড় কোনো সিনেমার গান। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এম-রাইজ’ নামক চ্যানেল থেকে অবমুক্ত করা হয় এই সেলিব্রেশন অ্যানথেমটি। মূলত দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই এই বিশেষ প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে।জয়ধ্বনি’র ভিজ্যুয়াল দেখে কার্যত বিষ্মিত সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা সমালোচকরাও। ওয়ার্ম কালার গ্রেডিং, সিনেম্যাটিক টেক্সচার এবং শাকিব খানের স্টাইলিশ লুক গানটিকে আন্তর্জাতিক মান দিয়েছে। সাদা ও মেরুন রঙের ক্যাজুয়াল পোশাক আর চোখে রোদচশমা পরে শাকিবের অনবদ্য নাচ দেখে অনেকেই মন্তব্য করেছেন— ‘গান বাংলাদেশের, কিন্তু লেভেলটা হলিউডের।’ জানা গেছে, এই চোখ ধাঁধানো প্রজেক্টটি তৈরিতে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের শিল্পী এবং কারিগরি দল কাজ করেছে। যার ফলে গানটির মিউজিক ও সাউন্ড ডিজাইনে একটি ‘ল্যাটিন ভাইব’ খুঁজে পেয়েছেন শ্রোতারা।

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে শাকিব খানের এটিই প্রথম কাজ। আর প্রথমবারেই এই জুটি বাজিমাত করেছেন। নেটিজেনদের মন্তব্য, ুনির্মাতা আদনান যেমন বুনো ওল, শাকিব খানও চলচ্চিত্র জগতের বাঘা তেঁতুল!” এই অভাবনীয় সাফল্যের পর ভক্তদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছেন, এই নায়ক-পরিচালক জুটি যেন শীঘ্রই একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসেন। ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’— এমন কথার উৎসবমুখর গানটি তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই টিকটক, রিলস এবং ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্মগুলোতে গানটি শীর্ষ ট্রেন্ডিংয়ে জায়গা করে নেবে।


এ বিভাগের আরো সংবাদ