ছবি: সংগৃহীত

২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা মিড ডে মিল পাবে

আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এই কর্মসূচির আওতায় দেশের ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী পুষ্টিকর খাবার পাচ্ছে। এই উদ্যোগ চার থেকে দশ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি বাড়াতে হবে। এছাড়া স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত রান্নার ওপর তিনি জোর দেন।

খাবারের মান বাড়াতে জেলা বা উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, রন্ধনপ্রণালি কেবল শিল্প বা বিজ্ঞান নয়, এটি সংস্কৃতির সঙ্গে যোগাযোগের মাধ্যম। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্যে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি প্রথম, আবু আব্দুলাহ এমডি সিয়াম দ্বিতীয় এবং রংপুরের সাজিয়া ফেরদৌস তৃতীয় স্থান অধিকার করেন। পরে বিজয়ী ও প্রতিযোগীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, পুষ্টিহীনতা দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং খাদ্যের অপচয় কমানোই এর মূল লক্ষ্য। রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের রান্নাকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলতে হবে। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Comments are closed.

     More News Of This Category