বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর কখনো ফিরে আসার সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ধরনের ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উসকানি এবং অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত জামি’আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশের শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ভাঙিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। পাশাপাশি থানা, হাসপাতাল ও বিভিন্ন বসতবাড়িতে আগুন দেওয়ার উসকানি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শ্রমিকদের ন্যূনতম মজুরি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের প্রতিহত করা হবে।
বিগত ষোলো থেকে সতেরো বছরের শাসনের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদরাসাশিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত প্রায় শেষের পথে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়া খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে জানানো দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।