সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট মামলা শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারের ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তাকে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণ নিয়ে ২০২০ সালে করা একটি রিটের রায় ২০২৩ সালের আগস্টে দিয়েছিলেন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। পরবর্তীতে একই নিয়োগপ্রক্রিয়া নিয়ে আরও কয়েকটি রিট নিষ্পত্তি হয়। এসব রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল বিভাগে গেলে রিটগুলোর শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও অসংগতির অভিযোগ ওঠে।
অভিযোগের বিষয়টি আমলে নিয়ে ১৯টি রিটের নথি পরীক্ষা করে সুপ্রিম কোর্ট। এরপর অনিয়ম অনুসন্ধানে রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে ১৯টি মামলার মধ্যে ৯টিতে গুরুতর অসংগতি ও অনিয়ম চিহ্নিত করা হয়। বিশেষ করে রায় ঘোষণার পর সহ-রিট আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে যথাযথ বিধি অনুসরণ করা হয়নি বলে আদালত পর্যবেক্ষণ দেন।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুনানিতে অংশ নেওয়া দুই আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেনের ভূমিকা খতিয়ে দেখতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বার কাউন্সিলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই সময় পর্যন্ত ওই দুই আইনজীবীকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলা হয়েছে।
সাবেক বিচারপতি নাইমা হায়দারের লিখিত ব্যাখ্যা পাওয়া এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর আদালত পরবর্তী আদেশ দেবেন। এ জন্য আগামী ৪ ফেব্রুয়ারি মামলার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হবে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে প্রাথমিক তদন্ত চলার মধ্যে গত ৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন নাইমা হায়দার।