কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামীম এবং সুজন নামের এক অটোরিকশাচালক। ঘটনার সময় ফটকের সামনে অবস্থান করছিলেন ওই শিক্ষার্থী এবং রিকশায় বসে ছিলেন চালক। বিস্ফোরণের পর সৃষ্ট ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায় এবং আহত দুজনকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং স্থানীয় থানাকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।