ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের নবম ও শেষ চালান এসে পৌঁছাল

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের দুটি ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরি ইউরেনিয়াম নিয়ে রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে এই লরিগুলো গন্তব্যে পৌঁছায়। এর মাধ্যমে কেন্দ্রটির জ্বালানি আমদানির সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলো।

প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হয়েছে। শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এই আমদানির পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলো।

রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি আমদানির পাশাপাশি কেন্দ্রটির পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও বর্তমানে এগিয়ে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের তেত্রিশতম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Comments are closed.

     More News Of This Category