আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনে ডিজেল দেওয়ার কারণে দেশটিকে ধন্যবাদ জানানো হয়েছে। শেখ হাসিনাকে ফেরানো হবে কিনাুএমন প্রশ্নে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সে সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।