বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কাজ নেই, চোখে জল—অভিনেতা শামীম হোসেনের

বিনোদন নিউজ ডেস্ক / ৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

প্রায় তিন দশক ধরে ছোট ও বড়পর্দায় কমেডি চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয় হয়েছেন শামীম হোসেন। তবে গত তিন-চার বছর ধরে কাজের অভাবে তিনি দিশেহারা। বর্তমানে তিনি চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

সম্প্রতি ফেসবুকে একটি অশ্রুসিক্ত ভিডিও বার্তায় তিনি নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শামীম হোসেন জানান, সংসারের পাঁচ সদস্যের মুখে খাবার তুলে দেওয়াই বর্তমানে কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ুপ্রায় এক বছর ধরে নিয়মিত নাটকে কাজ নেই। যাদের সঙ্গে নিয়মিত কাজ হয়, তাদের সঙ্গে যোগাযোগ নেই। যাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা সেভাবে কাজ দেন না। ইউটিউব ভিত্তিক কনটেন্ট নির্মাতা হারুন কিসিঞ্জারের সঙ্গে কিছু কাজ করেছি, কিন্তু গত দুই মাস ধরে সেখান থেকেও ডাক পাইনি।”

শামীমের ভাষ্য, ুসঞ্চয় করি নাই। খালি আজকে খাই, কালকে তো কামাই করমুই। এই করতে তো পয়সা সঞ্চয় করা হয় নাই।”

এ সময় তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেন, ুআমার মাসুম বাচ্চাগুলোর কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমি তাদের বলছি- বাবারা, ঈদে তোমাদের কিছু লাগবে, পরিস্থিতি কিন্তু তোমরা দেখতেছো!”

অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি কারো কাছে আর্থিক সাহায্য চাইবেন না। তার একমাত্র আকুতি হলো, ুআমাকে ঈদের পর থেকে কাজে ডাকেন সবাই। আমি নাটকের ডায়লগ এক্টিং ভুইলা যাইতাছি গা। আমার কোনো টাকা পয়সা লাগবে না। শুটকি ভর্তা ভাত খামু, কিন্তু আমারে একটু কাজ দিয়েন।”

শামীম হোসেন ছোটবয়সেই শোবিজে কাজ শুরু করেন। আফসানা মিমির ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয়ে আসেন। এরপর অসংখ্য নাটক ও ২০টির অধিক চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

এই মুহূর্তে তার অনুরোধ ও পরিস্থিতি শোবিজ অঙ্গনের মধ্যে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা ও সহানুভূতির জন্ম দিয়েছে।


এ বিভাগের আরো সংবাদ