স্যাঞ্জু স্যামসন ও ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের সামনে পাহাড়সম রানের টার্গেট দিয়েছিলো ভারত। সে রান টপকাতে পারেনি ইংল্যান্ড। সাত রানে হেরে চলতি বিশ্বকাপ আসর থেকে বিদায় নিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ম্যাচে পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে সমানতালে খেলে গেল ইংল্যান্ড। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল একাই টানলেন দলকে। কিন্তু ভারতের দেওয়া টার্গেটটা আর টপকানো সম্ভব হয়নি। আর ইংল্যান্ডকে হারানোর মাধ্যমে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পেয়ে যায় বিশ্বকাপের আয়োজকরা।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত। জবাবে ইংল্যান্ড করে ২৪৬ রান।
রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়ার করা বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৫ রান। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে দলনেতা হ্যারি ব্রুক ফেরেন ৬ বলে ৭ রান।