ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে অর্ধকোটি টাকাসহআটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে। তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা।নির্বাচনের আগমুহূর্তে জেলা জামায়াতের শীর্ষ নেতার বিপুল অর্থসহ আটকের খবর ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলছেন, ভোটের আগের দিন এত টাকা বহনের বিষয়টি সন্দেহজনক এবং এটি সংশ্লিষ্ট দলের জন্য বড় ধরনের নেতিবাচক বার্তা হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং এই টাকা নির্বাচনী কোনো কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।