আগামী চার বছরে দেশের এসএমই খাতে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এই মেলায় সারা দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ প্রদান করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন—বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ফারজানা ইসলাম মৌরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হানিয়াম মারিয়া চৌধুরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) সৈয়দ আমিনুল কবির, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) এসএম ফারুক হাসান, বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান আইপেজ গ্লোভালের মাসরুর হোসাইন শহীদ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেসের হামিদ হাসান আলভী, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা মো. মুসনাদ-ই আহমদ এবং বিশেষ উদ্যোক্তা তৃতীয় লিঙ্গের সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া।
প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। এই নীতিমালার মাধ্যমে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এছাড়া আগামী চার বছরে দেশের চৌষট্টি জেলায় প্রতি বছর একশ জন করে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ‘এসএমই সৃষ্টি’ শীর্ষক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে পঁচিশ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এসএমই খাতের বিকাশে মূলধন সংকট, ঋণপ্রাপ্তির জটিলতা ও বিপণন সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে অবদানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।