বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

৩০ লাখ বাজেটের নাটকে জোভান-তটিনী

বিনোদন নিউজ ডেস্ক / ৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

গল্পটা ছিল সিনেমার জন্য লেখা। প্রায় তিন বছর আগে নির্মাতা প্রবীর রায় চৌধুরীর মাথায় এসেছিল সেটি। কিন্তু গল্প সাজানোর পর তিনি বুঝলেন, এ গল্পে নাটক বানাতে অনেক বেশি বাজেট প্রয়োজন। এ কারণে ভেবেছিলেন, গল্পটি থেকে সিনেমা বানাবেন! তবে দেখা গেল, ইদানীং নাটক নির্মাণে বেশি বাজেট পাওয়া যাচ্ছে। তাই গল্পটা থেকে নাটকই নির্মাণ করলেন তিনি। ‘প্রিয় নামে ডেকো’ নামের নাটকটির বাজেট ৩০ লাখ টাকা। অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।কিছুদিন আগে নাটকটির শুটিং শুরু হয়েছে। গত কয়েক দিন শুটিং চলছে। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন আহমেদ তাওকীর ও প্রবীর রায় চৌধুরী। নাটকটির বিষয়ে নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে প্রিয় নামে ডেকো মুক্তি দেয়া হবে।

বড় বাজেট ও শুটিং নিয়ে তিনি বললেন, ‘এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে। এ কারণে প্রায় ৩০ লাখ টাকা বাজেট দিয়ে কাজটি করছি, শুটিং করতে হচ্ছে সাতদিনে। সিনেমা করলে হয়তো এ গল্পে আরো বাজেট বাড়িয়ে পনেরো দিনে শুটিং করতাম।’

নতুন নাটকটি নিয়ে তিনি বলেন, ‘২০১৭-১৮ সালেও ১ লাখ ৬০ হাজার বাজেটে নাটক করেছি। এখন সে বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। আমি মনে করি, আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবার জন্য বড় অর্জন এবং ব্লেসিং।’

জোভানের সঙ্গেই ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করেন তটিনী। তুমুল প্রশংসা পেয়েছিল তটিনীর অভিনয়। প্রিয় নামে ডেকো প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা প্রবীর দাদা আমাকে মিউজিকসহ এত চমৎকারভাবে শোনান, শুনেই ভালো লাগে। তাছাড়া প্রবীর দাদা রোমান্টিক ধাঁচের গল্পে খুবই সুপরিচিত। শুরুতে বড় ছেলে ও বেস্ট ফ্রেন্ড শুরুর পার্ট দেখে কান্না করেছিলাম। প্রবীর দাদাকে তখন থেকে চিনি। ইচ্ছে ছিল যেন কাজ হয়, সে ইচ্ছাটা পূর্ণ হলো।’

এ নাটকের জন্য জোভান ও তটিনীকে কাস্ট করেছেন প্রবীর। এর আগে তিনি এ জুটির সঙ্গে কাজ করেননি। এ নিয়ে নির্মাতা বলেন, ‘জোভান ও তটিনী জুটিকে নিয়ে আমি এবারই প্রথম কাজ করছি। এটা সুইট রোমান্টিক গল্পের কাজ। সেই সঙ্গে পরিবারের সদস্যদের বন্ধনের গল্প রয়েছে।’

ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন জোভান। গত বছরটা তার যেমন ভালো গেছে, তেমনি এ বছরের শুরুতেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্পর্কের গল্প’ নাটক দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।


এ বিভাগের আরো সংবাদ