ছবি: সংগৃহীত

প্রায় তেরো মাস পর দেশের বাজারে দুই লাখ টাকার নিচে নামল সোনার দাম

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম আরও কমানো হয়েছে। এর ফলে প্রায় তেরো মাস পর সোনার ভরির দাম কমে দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে এক বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়, যা রোববার থেকে কার্যকর হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছয় হাজার ১৮২ টাকা কমে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরির দাম এক লাখ ৯৪ হাজার টাকা ছিল। মূলত বিশ্ববাজারে সোনার দাম হ্রাস পাওয়ার কারণে দেশের বাজারেও দাম কমানো হচ্ছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পাঁচ হাজার ৮৯০ টাকা কমে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পাঁচ হাজার ১৫ টাকা কমে এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম চার হাজার ৪৯১ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায়।

এ নিয়ে গত নয় দফায় দেশে সোনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমল। এর মধ্যে শুধু গত শুক্রবারই ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। এর আগে নভেম্বর মাসের বিভিন্ন তারিখে আরও আট দফা সোনার দাম কমানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ধারণার কারণে বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমছে বলে বিশ্লেষকদের অভিমত।

Comments are closed.

     More News Of This Category