ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন এই সংস্থাটি জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে তাদের অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি প্রশমনের সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এই অর্জনের ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন পথ উন্মুক্ত হলো। ডিএফসির সহায়তা দেশের বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটের কারণে থমকে যাওয়া প্রকল্পগুলো চালুর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাকের মতে, এই অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উল্লেখ করেছেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শ্রমিক অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কারণে বাংলাদেশ এই যোগ্যতা অর্জনে সফল হয়নি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র সরকারের এই সংস্থাটি আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে উন্নয়নমূলক কাজে বেসরকারি পুঁজি সংগ্রহ ও অংশীদারত্ব বাড়াতে কাজ করে থাকে।

Comments are closed.

     More News Of This Category