ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট এইচএস কোডভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে এছাড়া 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই খসড়া অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান রাখা হয়েছে। সংসদ অধিবেশন চলমান না থাকায় ইতিপূর্বে রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তর করার উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Comments are closed.

     More News Of This Category