ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস চাল বিক্রি শুরু

নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করতে এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রমের আওতায় ট্রাকে করে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে ট্রাকে করে এই চাল বিক্রি করা হবে। এই বিশেষ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

এই বিশেষ ওএমএস কর্মসূচি সফল করতে খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা রয়েছে। কার্যক্রমটির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে আলাদা মনিটরিং দল গঠন করা হয়েছে।

চাল ক্রয়ের ক্ষেত্রে শ্রমিকদের কিছু নিয়ম মেনে চলতে হবে। চাল কেনার সময় প্রত্যেক শ্রমিককে তাঁর নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা কারখানা কার্ড দেখাতে হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমেই কেবল শ্রমিকদের কাছে এই চাল বিক্রি করা হচ্ছে। সরকারের নিয়মিত ভর্তুকি মূল্যে পরিচালিত ওএমএস কার্যক্রমের অংশ হিসেবেই পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments are closed.

     More News Of This Category