ছবি: সংগৃহীত

বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কবার্তা রাডারে হামলার দাবি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর

বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

আইআরজিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই হামলার মাধ্যমে আগ্রাসী পক্ষকে আকাশপথে সব ধরনের উসকানিমূলক কার্যক্রম এবং হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড পুনরায় ঘটলে বিনা দ্বিধায় অভিযান পরিচালনার সম্পূর্ণ প্রস্তুতি তাদের মহাকাশ ও বিমান বাহিনীর রয়েছে বলে উল্লেখ করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে গত বৃহস্পতিবার দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষের গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে আইআরজিসির সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স দাবি করে যে, তাদের মহাকাশ শাখা বাহরাইনের ওই রাডার স্থাপনাটিতে আঘাত হেনে সেটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

তবে বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার স্থাপনায় এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা মানামা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বাহরাইনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান সদর দপ্তর অবস্থিত.

Comments are closed.

     More News Of This Category