ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় পৌঁছেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে জানানো হয়, এই অঙ্ক মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গত পাঁচ বছরের খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধির চিত্র তুলে ধরেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা বা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। পরবর্তীতে ২০২২ সালে তা বেড়ে ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি টাকা (৭.৬৪ শতাংশ), ২০২৩ সালে ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি টাকা (৮.৩৯ শতাংশ), ২০২৪ সালে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা (১৭.৮৩ শতাংশ) এবং ২০২৫ সালে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা বা ২৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়ায়। গত পাঁচ বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

জামায়াতের আরেক সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর বেশ কিছু অগ্রাধিকারমূলক পদক্ষেপ ও কাঠামোগত সংস্কার শুরু করেছে। যেসব ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি, তাদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার সঙ্গে নিয়মিত আলোচনা ও নিবিড় তদারকি চলছে। এছাড়া দীর্ঘদিনের অনাদায়ি ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট শর্তে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিবিএসের ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী দেশের মাথাপিছু জাতীয় আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার এবং প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে। এছাড়া অপর এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও বহির্বিশ্বের সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হওয়ায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ ৬০ শতাংশ কমেছে। সরকার অর্থছাড় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

Comments are closed.

     More News Of This Category