দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন রোগী।