ছবি: সংগৃহীত

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া ফিলাডেলফিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন এই তরুণ।

এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং পেশাদার খেলোয়াড়দের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়। তিনটি বিভাগেই সর্বোচ্চ ভোট পেয়ে মোট ৬৫.০৬ শতাংশ ভোট অর্জন করেন সুলিভান। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই সতীর্থ জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে।

নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম পূর্ণ মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৯টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে সহায়তা করেছেন সুলিভান। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখে তিনি কিশোর খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড গড়েন। পাশাপাশি টানা ১০ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার কীর্তিও নিজের নামের পাশে যোগ করেছেন তিনি।

গত সেপ্টেম্বর মাসে লিগের মাসসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতীয় দলেও ডাক পান সুলিভান। জাতীয় দলের হয়ে অভিষিক্ত হওয়ার পর মেক্সিকোর বিপক্ষে গোল করে দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হন তিনি। উল্লেখ্য, সুলিভানের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসতি গড়েছিলেন এবং তার দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন।

Comments are closed.

     More News Of This Category