ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সহিংসতার পর কড়া নিরাপত্তা, পাঁচ থানায় ধরপাকড় শুরু

গত রোববারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, জনজীবন ও সরকারি সম্পত্তির সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।

রোববারের ওই সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এর মধ্যেই জেলার মোট পাঁচটি থানায় বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি মোস্তাফিজুর রহমান সুনির্দিষ্ট কোনো গ্রেপ্তার সংখ্যা প্রকাশ করেননি। তবে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হলেও কোনো নিরপরাধ মানুষকে অহেতুক হয়রানি করা হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে জেলাজুড়ে পুলিশ, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় দুই হাজার সদস্য কাজ করছেন। এর পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও এসআরএফ মোতায়েন করা হয়েছে। জেলার সাতষট্টি কিলোমিটার মহাসড়কসহ পৌরসভা ও উপজেলা শহরগুলোতেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাড়ি, যুবদল কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের ফটক ভাঙচুরের ঘটনাও ঘটে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচি এবং কার্যালয় খোলার বিষয়ে ডিআইজি জানান, যেকোনো পরিস্থিতি বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     More News Of This Category