২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রাথমিক নিবন্ধনের সুযোগ চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এর আগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হয়েছিল। সে সময় বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্ধিত ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটা পূরণের লক্ষ্যেই নতুন করে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে এই সময়ের আগেই নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করা হবে।
হজে গমনেচ্ছু ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যাংক ও হজ এজেন্সিগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।