ছবি: সংগৃহীত

পাঁচ ধাপে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির

দেশের চার হাজার তিনশ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, মোট পাঁচ ধাপে এই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার এক হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে তিনশ ছাপ্পান্নটি ইউপিতে ভোট হবে। কোন ইউনিয়নে কবে ভোট অনুষ্ঠিত হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার জানান, ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করবে ইসি। চলতি মাসের শেষ দিক অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে এবং আগামী ১০ ডিসেম্বরের আগেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো কোনো দাবি আসেনি বলে জানান তিনি।

ইসি জানিয়েছে, কোনো নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো ব্যবস্থাপনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। এছাড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর সফটওয়্যারে চার-পাঁচ দিন ধরে সমস্যা থাকলেও এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে জানিয়েছে কমিশন। ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল।

Comments are closed.

     More News Of This Category