জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক খুদে বার্তার মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছেন।
মাঠে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা ও নজরদারি বজায় রাখতে অধিকাংশ সদস্যের পোশাকে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি ড্রোন এবং ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে সরাসরি লাইভ ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া এবং দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসি প্রস্তুত রাখা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সংযম ও ধৈর্য প্রদর্শন করছেন।