রাজধানীকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্যে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা গড়ার অংশ হিসেবে রাজধানীতে অঞ্চলভিত্তিক বিশটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ইতোমধ্যে একশ কুড়িটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একশ বারোটি হাসপাতালসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। অবসরপ্রাপ্ত এই অভিজ্ঞ নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে এই কার্যক্রমে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে আলাদা উইং চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ঢাকায় এমন ব্যবস্থা থাকলেও এবার উত্তর সিটির জন্যও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি কোয়ার্টারে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ঢাকাকে অন্য দেশের মতো বানিয়ে ফেলার অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে বর্তমান সরকার এটিকে সত্যিকারের বাসযোগ্য শহর হিসেবে রূপ দিতে কাজ করছে। এই কার্যক্রমে সফল হতে তিনি সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।