রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এর মধ্যে ৮০ শতাংশ কর্মীই নারী হিসেবে যুক্ত হবেন। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত হয়নি। ফলে দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী সহজেই প্রতিরোধযোগ্য নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। নিয়োগপ্রাপ্ত নারী কর্মীরা এই প্রতিরোধমূলক বার্তা ও সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
তরুণ বিজ্ঞানীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, কাজের গতি ধীর হওয়ায় তারা হয়তো কখনো হতাশ হন, তবে তাদের কাজের মাধ্যমে অসংখ্য মানুষ সুস্থ জীবনযাপন করার সুযোগ পাচ্ছে—এ কথা ভেবে তাদের গর্বিত হওয়া উচিত। এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ সব বিজ্ঞানী ও কর্মীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তনে বদ্ধপরিকর। সরকার এমন একটি স্বাস্থ্যকাঠামো তৈরি করতে চায় যা রোগ হওয়ার আগেই প্রতিরোধ করবে এবং সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে। স্বাস্থ্য খাতের সংস্কারে গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠা, ওষুধ শিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসার এবং টেকসই পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে তিনি জানান।