ছবি: সংগৃহীত

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

উপকূলীয় এলাকার জলবায়ু সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর একটি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে এই আর্থিক সহায়তার জন্য নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রাপ্ত এই অর্থ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অবকাঠামোর শক্তি বৃদ্ধি এবং জলবায়ুবান্ধব কৃষি খাতের প্রসারে কাজে লাগানো হবে। তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস উৎপাদনে দেশের অংশ শূন্য দশমিক ৫ শতাংশের নিচে হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকির মুখে রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। মন্ত্রী দেশের জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর পক্ষ থেকে যথাসময়ে অর্থ ছাড় এবং অনুদানভিত্তিক তহবিল সহজ করার আহ্বান জানান।

Comments are closed.

     More News Of This Category