ছবি: সংগৃহীত

প্রাণী বিনিময়ের মাধ্যমে ৬ জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ৩ বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক

প্রাণী বিনিময়ের অংশ হিসেবে ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ আনা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। শুক্রবার ভোরে বিশেষ ব্যবস্থায় বাঘগুলো পার্কে এসে পৌঁছায়। এর আগে বুধবার রাতে সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা বিশেষ ট্রাকে করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়, যার মধ্যে তিনটি জেব্রা ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং বাকি তিনটি পর্যায়ক্রমে পাঠানো হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্কের পুরোনো বাঘগুলোর বয়স বেড়ে যাওয়া এবং বিভিন্ন রোগে কিছু বাঘের মৃত্যু হওয়ায় নতুন বাঘ আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ থাকলেও কোনো জেব্রা ছিল না এবং সাফারি পার্কে জেব্রার সংখ্যা বেশি থাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে এই প্রাণী বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আসা তিনটি বাঘই কম বয়সী, যার মধ্যে দুটি নারী ও একটি পুরুষ। আপাতত বাঘগুলোকে আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা বাঘগুলো বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিয়মিত খাবার খাচ্ছে। কয়েক দিন পর্যবেক্ষণের পর বাঘগুলোকে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হবে এবং এই তিনটি বাঘ যুক্ত হওয়ায় পার্কে মোট বাঘের সংখ্যা দাঁড়িয়েছে দশে। নতুন এই প্রাণী সংযোজন দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Comments are closed.

     More News Of This Category