ছবি: সংগৃহীত

তুরস্কে কপ-৩১ সম্মেলন শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকাল পাঁচটা ৪০ মিনিটের দিকে তাঁকে এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আটটার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। এর আগে প্রধানমন্ত্রী বিকেল চারটা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন এবং সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।

সকালে ঢাকায় বিমান অবতরণের পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রধানমন্ত্রীর এই তিন দিনের সফরে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরাও তুরস্কে অবস্থান করেছিলেন। সম্মেলন সফলভাবে সম্পন্ন করে নির্ধারিত সফর শেষে তাঁরা সবাই নিরাপদে ঢাকায় ফিরেছেন।

Comments are closed.

     More News Of This Category