জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চালানোর আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছেন। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় ছাত্রশক্তির দাবি, হাসিবের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ভাষ্য, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ তৎপরতা দেশজুড়ে অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলা, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাও একই ষড়যন্ত্রের অংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা ঠেকানো এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলে মনে করে সংগঠনটি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার এড়াতে পারে না বলেও দাবি তাদের।
জাতীয় ছাত্রশক্তির তিন দফা দাবির মধ্যে রয়েছে—হাসিব আল ইসলামের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের পাশাপাশি দেশজুড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার।