সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই হামলাগুলো চালানো হয়। এর জবাবে জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাজান তেল পরিশোধনাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, হুথি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে জাজান তেল পরিশোধনাগার এবং বেসামরিক স্থাপনায় এই হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে। এছাড়া জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, জাজানে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়লেও এতে কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি। জেদ্দা বন্দরের কাছে বিধ্বস্ত ড্রোনটির কারণেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, জেদ্দা ও জাজান বন্দরে পরিচালিত তাদের হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে সৌদি হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানানো হয়। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই মূলত এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের পানিসীমায় দুবাইয়ের পঞ্চাশ নটিক্যাল মাইল পশ্চিমে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওই এলাকায় থাকা একটি তেল ট্যাঙ্কারের ক্যাপ্টেন অজ্ঞাত বস্তুর আঘাতে বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন। তবে ট্যাঙ্কারের সব নাবিক নিরাপদে আছেন এবং জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি বা পরিবেশ দূষণ হয়নি।