ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্টসহ আটক তিন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), যার বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। গত শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী দুই নম্বর ক্যানোপির আউটগেট এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং মো. শাওন (৩৯)। তাদের বাড়ি যথাক্রমে মুন্সীগঞ্জ, নোয়াখালী ও কুমিল্লা জেলায়। এপিবিএনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তাদের আটক করা হয়।

পরবর্তীতে কার্যালয়ে নিয়ে তল্লাশি চালালে ইয়াছিন আরাফাতের কোমর থেকে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু জব্দ করা হয়। স্বর্ণকার দিয়ে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায় যে বস্তুগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট। এগুলোর মোট ওজন ছিল ৭ কেজি ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রের এক সদস্য নিয়মিত সৌদি আরব যাতায়াত করতেন এবং অভিনব পন্থায় দেশে স্বর্ণ এনে চোরাচালান চালাতেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ জানান, পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের বিষয়ে কয়েক দিন ধরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে স্বর্ণের পেস্টসহ চক্রের তিন সদস্যকে ধরা সম্ভব হয়েছে।

Comments are closed.

     More News Of This Category