ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি নাহিদ ইসলামের

রোববার ২২ নভেম্বর যুক্তরাজ্য সফর শেষে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জানান, সরকারের ডাকা জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় অংশ নিতে সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে। দেশের চলমান সংকটকালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছেন।

তবে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কয়েকটি শর্ত তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ গ্রহণ করতে হবে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে।

নাহিদ ইসলাম আরও জানান, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। সরকার শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্য চাইলে এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না বলে তিনি সতর্ক করেন।

এছাড়া গত ১৩ থেকে ২১ নভেম্বর যুক্তরাজ্য সফরকালে অক্সফোর্ড, কেমব্রিজ ও সোয়াস ইউনিভার্সিটিতে সেমিনারে অংশগ্রহণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠকের কথা তুলে ধরেন তিনি। লন্ডনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাকে রক্ষা করতে গিয়ে প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীসহ ১২ থেকে ১৩ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের গত সাত মাসের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ভারতের সহযোগিতায় দেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের চেষ্টা চলছে।

Comments are closed.

     More News Of This Category