বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ফার্স্ট লুকেই তাক লাগিয়ে দিল ‘প্রিন্স’

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সকল অনিশ্চয়তাকে মিথ্যা প্রমাণ করতে রীতিমতো উঠেপড়ে লেগেছেন ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা পরিচালক আবু হায়াত মাহমুদ। রোজার ঈদেই মুক্তি দিতে চান তার প্রথম পরিচালনার সিনেমা প্রিন্স। প্রতিশ্রুতি অনুযায়ী আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অবমুক্ত করলেন ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক। প্রথম ঝলকেই দর্শককে তাক লাগিয়ে দিলেন শাকিব খান। ঠিক যেন গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো! সেখানে মুখভর্তি দাড়ি, লম্বা চুলে চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! আরেক ছবিতে দেখা যাচ্ছে অন্য এক বিস্ময় জাগানিয়া লুক। এর মাধ্যমে সিনেমায় শাকিবের চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। একই সঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এযাবৎ কালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন ছবি হতে যাচ্ছে ‘প্রিন্স’। প্রকাশিত লুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে এর ক্যাপশনে সংশ্লিষ্টরা বলছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ লুকটি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।  শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।  ‘প্রিন্স’ ছবি ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়াও আরো অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।


এ বিভাগের আরো সংবাদ