ছবি: সংগৃহীত

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একাত্তরের একুশে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত আক্রমণের মাধ্যমে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে জড়িত এবং এই দিনটি তাদের ইতিহাসে একটি অনন্য ও গৌরবময় অধ্যায়।

প্রধানমন্ত্রী তার বাণীতে স্মরণ করেন যে, স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথা তুলে ধরে জানান, বর্তমান সরকারও এটিকে প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

একাত্তরের মুক্তিযুদ্ধ ছাড়াও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষা এবং দেশের সব প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর অবদানের প্রশংসা করে তিনি তাদের জাতির আস্থার প্রতীক বলে অভিহিত করেন।

সর্বশেষে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ দেশের জন্য প্রাণদানকারী সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Comments are closed.

     More News Of This Category