সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোররাতে ঘটা এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই বাসটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন এবং সিলেটে এলে প্রতিমন্ত্রী নিজেও সেখানে অবস্থান করেন।
ঘটনাটির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, এটি কোনো পেট্রলবোমা হামলা নয়, বরং পলিথিনসদৃশ কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের কোনো তথ্য তাদের কাছে নেই।
এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, অপরাধীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।