আন্তর্জাতিক বিনোদনভিত্তিক সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বিশ্বজুড়ে হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের কিংবদন্তি শিল্পীদের নিয়ে তৈরি এই তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই বিরল সম্মান অর্জন করেছেন এই বলিউড তারকা।
পাচঁজন চলচ্চিত্র সমালোচকের যৌথ মূল্যায়নে এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে। শুধু বক্স অফিস সাফল্য বা জনপ্রিয়তা নয়, বরং অভিনয়শৈলী, সাংস্কৃতিক প্রভাব, ইতিহাস এবং পর্দায় দর্শককে ধরে রাখার বিশেষ ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই মূল্যায়নে। মেরিলিন মনরো, চার্লি চ্যাপলিন ও জ্যাক নিকলসনের মতো প্রথিতযশা শিল্পীদের সঙ্গে একই সারিতে জায়গা পেয়েছেন শাহরুখ।
তালিকায় প্রথম স্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে জায়গা করে নিয়েছেন হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জ্যাক নিকলসন এবং পঞ্চম অবস্থানে ক্যাথরিন হেপবার্ন। পুরোনো নির্বাক চলচ্চিত্র থেকে শুরু করে বর্তমান প্রজন্মের বিভিন্ন তারকারাও এই তালিকায় স্থান পেয়েছেন।