ছবি: সংগৃহীত

সহিংসতা ও নাশকতা প্রতিরোধে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় মোট ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেল থেকে তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেন।

নিরাপত্তা জোরদার করতে নিয়োজিত এই ১২ প্লাটুনের মধ্যে ছয় প্লাটুন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং বাকি ছয় প্লাটুন জেলার বিভিন্ন উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে সমন্বয় করে এই দায়িত্ব পালন করছেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সাতটি জেলায় সামগ্রিকভাবে ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মূলত জননিরাপত্তা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments are closed.

     More News Of This Category