ছবি: সংগৃহীত

এফডিসিতে জয় চৌধুরীকে ফ্যাসিস্ট বলে ধমক দিলেন জাসাস নেতা হেলাল খান

রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ফ্যাসিস্ট বলে আক্রমণ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। এ ঘটনার ফলে কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানে হেলাল খানসহ অনেক শিল্পী ও কলাকুশলী উপস্থিত থাকলেও জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ নেননি। মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে তাঁদের না থাকার কারণ জানতে চান হেলাল খান।

জয়ের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে হেলাল খান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে ও উপস্থিত অন্যদের ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর বলে অভিহিত করেন। জয় কথা বলতে গেলে তাঁকে চুপ করতে বলেন হেলাল খান। এ সময় দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরে সংবাদমাধ্যমকে জয় চৌধুরী জানান, এটি একটি ভুল–বোঝাবুঝি মাত্র। তাঁর ভাষ্যমতে, শিল্পী সমিতির সামনে অপেক্ষমাণ ব্যক্তিরা চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত এবং তাঁরা জন্মদিনের কেক কাটতে এসেছিলেন। উল্লেখ্য, গত আগস্টে গঠিত চলচ্চিত্রশিল্পের উনিশ সংগঠনের প্ল্যাটফর্মে হেলাল খান আহ্বায়ক এবং জয় চৌধুরী মুখপাত্রের দায়িত্বে রয়েছেন।

Comments are closed.

     More News Of This Category