ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শনিবার ভোর ৬টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী বিশেষায়িত লরিগুলো নির্ধারিত গন্তব্যে প্রবেশ করে।

এর আগে শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি লরিতে করে এই পারমাণবিক জ্বালানি রূপপুরের উদ্দেশে রওয়ানা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ ও কঠোর তত্ত্বাবধানে যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে নির্ধারিত পথ অতিক্রম করে চালানটি নিরাপদে প্রকল্পের সাইটে পৌঁছায়। যাত্রাপথে মহাসড়কে যানজট এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সময়ের জন্য ভারী যান চলাচল স্থগিত রাখা হয়েছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার কথা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এই জ্বালানি সরবরাহ করা হবে। বর্তমান চালানটি যুক্ত হওয়ার মাধ্যমে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান নির্দিষ্ট স্থানে পৌঁছাল।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট নিয়ে রূপপুর প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এই স্টেজ-সি কার্যক্রমের অনুমোদন প্রদান করেন। এর মাধ্যমে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত বা ‘সিনক্রোনাইজেশন’ করা হবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদন সাপেক্ষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।

Comments are closed.

     More News Of This Category