জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার বাড়িতে এই দলটি পৌঁছানোর কথা রয়েছে। সফর শেষে ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের। এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিরোধীদলীয় এই সংসদীয় দলে অন্তর্ভুক্ত রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
এর আগে গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করার পর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। ওই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজন স্থানীয় নেতার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।