আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ। এই বিশেষ আয়োজনে লিওনেল মেসির অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। পাশাপাশি পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও মাঠে উপস্থিত থাকবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তেভেজ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
৪২ বছর বয়সী তেভেজ জাতীয় দলে মেসির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। এছাড়া ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। এই সুবাদে দুই বিশ্বসেরা তারকাকে নিজের বিদায়ী আসরে একই দলে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠের প্রতিদ্বন্দ্বী এই দুই তারকাকে একই জার্সিতে খেলতে দেখা গেলে সেটি হবে ফুটবল ইতিহাসের এক বিরল ঘটনা।
ক্যারিয়ারের শুরুতে বোকা জুনিয়র্সে খেলা তেভেজ ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের মতো ক্লাবে কাটিয়েছেন। পরবর্তীতে ২০১৮ সালে নিজের প্রথম ক্লাবে ফিরে আসেন এবং সেখানেই ২০২২ সালে বুটজোড়া তুলে রাখেন। তবে এতদিন তার অফিশিয়াল বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়নি।
মেসি ও রোনালদোর পাশাপাশি এই জমজমাট প্রদর্শনী ম্যাচে বিশ্বের আরও বেশ কয়েকজন সাবেক তারকা অংশ নেবেন। এই তালিকায় রয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।