বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্কুলজীবনের একটি পুরোনো নম্বরপত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের এই মার্কশিটটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এটি কোন পরীক্ষার নম্বরপত্র কিংবা কীভাবে প্রকাশ্যে এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
"ভাইরাল হওয়া সেই নথিতে দেখা যায়, শারীরিক শিক্ষায় পূর্ণ ১০ নম্বর পেয়েছেন মেসি। শিল্পকলা ও সংগীতে আট এবং নৈতিকতা ও নাগরিক শিক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল সাত। এ ছাড়া গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তিতে তাঁর ফলাফল ছিল ছয়ের ঘরে।"
মেসির শৈশবের শিক্ষক ও গুণীজনরাও তাঁর শান্ত স্বভাব এবং খেলাধুলার প্রতি অগাধ অনুরাগের কথা জানিয়েছেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসা জানান, ক্লাসে অত্যন্ত লাজুক ও শান্ত থাকলেও খেলার মাঠে নামলেই পুরোপুরি বদলে যেতেন মেসি। সহকারী প্রধান শিক্ষক মনিকা দোমিনার ভাষ্যমতে, ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে মাঠে দৌড়ে যাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করতেন তিনি।
নিজের ছাত্রজীবন নিয়ে মেসি নিজেও অতীতে খোলামেলা কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন যে তিনি কখনোই খুব ভালো ছাত্র ছিলেন না। এমনকি বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনার প্রতি আগ্রহ বিশেষ বাড়েনি এবং সহপাঠীদের সহায়তায় কোনোমতে পরীক্ষা পার করতেন বলে জানান তিনি।
তবে বিশ্বমানের তারকা হয়ে ওঠার পরও শৈশবের স্কুলটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি মেসি। একাধিকবার লাস হেরাস স্কুল পরিদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়নে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম অনুদান দিয়েছেন। পাশাপাশি বিরতির সময় তাঁর ফুটবল খেলার স্মৃতিবিজড়িত মাঠের বেঞ্চগুলোও মেরামত করা হয়েছে তাঁর সহায়তায়।