ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষা ও শিল্পাঞ্চলের সুরক্ষায় দেশের নয় জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের নয়টি জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের সাতটি জেলায় ৪৯ প্লাটুন আনসার সদস্য মাঠপর্যায়ে কাজ করছেন। এছাড়া আরও দুটি জেলায় চার প্লাটুন সদস্য পাঠানোর প্রস্তুতি চলছে, যার ফলে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে।

বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি নতুন করে সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের রাজবাড়ী রোড মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর এবং মাদারীপুর জেলা কারাগারে আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এছাড়া গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, চৌরাস্তা ও মাওনা এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা ও বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয় পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করছেন।

Comments are closed.

     More News Of This Category